রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটক দলের বিপক্ষে প্রথম
ইনিংসে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি সফরকারী বাংলাদেশ ‘এ’দলের
ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয়ের দুর্দান্ত (৮৯) ফিফটি
এবং লিটন কুমার দাসের অপরাজিত ৩৭ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৫৯ রানের
লিড নিয়েছে মুমিনুল হকের দল। প্রথম তিন দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে
বুধবার দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১৮৮।
এর আগে গত মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নামা
বাংলাদেশ ‘এ’দলের ইনিংস শেষ হয় ১৫৮ রানে। লিটন দাসের ৫০ আর শুভাগত হোমের ৫৫
রানের দুটি ইনিংসই পথ দেখিয়েছিল সফরকারীদের।
দর্শনীয় ছক্কা হাঁকাচ্ছেন বিজয়
তবে এই মামুলি রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’দল কিন্তু খুব একটা খারাপ করেনি।
১০০ রানের মধ্যেই কর্ণাটকের ছয় উইকেট ফেলে দিয়ে ম্যাচে প্রায় ফিরেই
এসেছিল মুমিনুলরা। কিন্তু সপ্তম উইকেটে ভাবানে আর সূচিত যুগলই ভাঙনের হাত
থেকে রক্ষা করেন কর্ণাটককে। ভাবানের ব্যাট থেকে আসে ৮৮ রান। সূচিত করেন ৪১।
ব্যাট করছেন ৩৭ রানে অপরাজিত থাকা লিটন দাস
সাকলাইন সজিব ৮৫ রান খরচায় ৪ উইকেট পান। অন্যদিকে শুভাগত হোম ৪৫ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট।
১২৯ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ ‘এ’দল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে।
যদিও পুরো সিরিজে ব্যর্থ হওয়া রনি তালুকদার দ্বিতীয় ইনিংসেও কিছু করতে
পারেননি। ব্যক্তিগত ১৫ রানে সূচিতের বলে সম্রাটের হাতে ধরা পড়েন তিনি। তবে
রনির উদ্বোধনী সহযোগী এনামুল হক বিজয়ের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮৯
রানের দায়িত্বশীল এক ইনিংস।
লাল-সবুজের পতাকা হাতে বাংলাদেশী সমর্থক
এছাড়া দলনায়ক মুমিনুল হক ২২ রান করে প্যাটেলের বলে এলবিডব্লুর ফাঁদে
পড়েন। দলীয় ১৪২ রানে এনামুল ৮৯ রানে সাজঘরে ফিরে যান। তিনদিনের ম্যাচ হলেও
এনামুলের ব্যাটিং ছিল মারকাটারি। ৮৭ বলে করেছেন ৮৯ রান। এর মধ্যে ছক্কা
হাকিয়েছেন ৫টি, বাউন্ডারি ৮টি।
সৌম্য সরকারকে নিয়ে দ্বিতীয় দিনের বাকী সময়টুক পার করেন লিটন কুমার।
লিটন ৩৭ এবং সৌম্য ২৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ ‘এ’দল: প্রথম ইনিংস ৩৮.৪ ওভারে ১৫৮/১০ (শুভাগত ৫৫, লিটন ৫০, সাকলাইন ১৫*; কৃষ্ণ ৫/৪৯, প্যাটেল ২/১১)। কর্নাটক: প্রথম ইনিংস, ২৮৭/১০, ওভার ৯২.৩ (ভাবানে ৮৮, সুচিত ৪১, প্যাটেল ৪০, রেড্ডি ২৮; শুভাগত ৪/৪৫, সাকলাইন ৪/৮৫)। বাংলাদেশ ‘এ’দল: দ্বিতীয় ইনিংস ৪৪ ওভারে ১৮৮/৩ (এনামুল ৮৯, লিটন ৩৭*, সৌম্য ২৪*, মুমিনুল ২২, রনি তালুকদার ১৫; প্যাটেল ২/৪৪, সূচিত ১/৪৫)।
একটি মন্তব্য পোস্ট করুন